

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাস্তবায়নাধীন একটি কালভার্ট নির্মাণকাজ উদ্বোধনের আগেই ফাটল ধরায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় টিআর (গ্রামীণ অবকাঠামো সংস্কার) কর্মসূচির অর্থায়নে নির্মিত এই প্রকল্পটি এখন স্থানীয়ভাবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মুখে পড়েছে।
প্রকল্পের সাইনবোর্ড অনুযায়ী ২০২৫–২০২৬ অর্থবছরে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হয়। অথচ কাজ শেষ হওয়ার আগেই কালভার্টের গায়ে স্পষ্ট ফাটল, পলেস্তারা খসে পড়া ও দুর্বল নির্মাণের চিহ্ন দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফটিক মেম্বার এবং টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তদারকি ও জবাবদিহির অভাবেই এই নিম্নমানের কাজ হয়েছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে মানসম্মত সামগ্রী ব্যবহার করা হয়নি এবং কাজ চলাকালীন কোনো কার্যকর নজরদারি ছিল না।
একজন স্থানীয় বাসিন্দা বলেন,
“উদ্বোধনের আগেই যদি কালভার্টে ফাটল ধরে, তাহলে বর্ষা মৌসুমে মানুষের চলাচল কতটা ঝুঁকিপূর্ণ হবে তা সহজেই বোঝা যায়। এই কাজের দায় ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের এড়ানোর সুযোগ নেই।”
এলাকাবাসী আরও জানান, প্রকল্প বাস্তবায়ন কমিটি, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও অভিযুক্ত ফটিক মেম্বারের বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত তদন্ত, প্রকল্পের মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
উদ্বোধনের আগেই ফাটল ধরা এই কালভার্ট এখন এলাকাবাসীর কাছে দুর্নীতি, অব্যবস্থাপনা ও তদারকির ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে।