
জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এর সিলেট বিভাগীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃতি সন্তান কুলসুমা আনজুম। তার এ সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে।
কুলসুমা আনজুম কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের বাসিন্দা শফিকুর রহমানের তৃতীয় কন্যা। বর্তমানে সে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পড়াশোনায় নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী হিসেবে কুলসুমা শিক্ষকদের কাছে পরিচিত।
স্থানীয়রা জানান, মেধা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে কুলসুমা নিজেকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলেছে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি ধর্মীয় অনুশীলন ও সামাজিক মূল্যবোধ চর্চায়ও সে প্রশংসিত। ছোটবেলা থেকেই ক্বেরাতের প্রতি তার গভীর আগ্রহ ও নিষ্ঠা ছিল। ধারাবাহিক অনুশীলনের ফলেই সে এই বিভাগীয় পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কুলসুমা আনজুম জানায়, সে একজন চিকিৎসক হতে চায়। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখে সে।
তার এ অর্জনে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এলাকাবাসীর প্রত্যাশা, কুলসুমা আনজুম ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।