
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ০৯ নং টিলাগাঁও ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে বিজলী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের দাবি, সামান্য বৃষ্টিপাত হলেই সড়কটিতে কাদা জমে এবং চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
স্থানীয়দের মতে, সড়কটি দিয়ে প্রতিদিন মিছিরা খাতুন একাডেমি (বেসরকারি প্রাথমিক বিদ্যালয়), হযরত শাহজালাল (রহ.) রহিম-ছিনারুন মডেল মাদ্রাসা, হাজী বশির উদ্দিন আহমদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, উত্তর বিজলী জামে মসজিদ এবং বিজলী কমিউনিটি ক্লিনিকে যাতায়াতকারী শিক্ষার্থী, শিক্ষক, রোগী, মুসল্লি ও আশপাশের এলাকার বাসিন্দারা চলাচল করেন।
স্থানীয়রা জানান, বর্ষাকালে সড়কটির অবস্থার আরও অবনতি ঘটে, যার ফলে পথচারীদের চলাচলে অসুবিধা হয়। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হয় বলে তারা উল্লেখ করেন।
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।